সারাদেশ
জমি নিয়ে সন্তানদের বিরোধ, ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই পড়ে আছে বাবার মরদেহ
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছেন এক ছেলে ও তিন মেয়ে। শুক্রবার সকাল থেকে মরদেহ দাফন না হওয়ায় প্রায় ১৩ ঘণ্টা ধরে পড়ে রয়েছে।
শুক্রবার ২০ নভেম্বর সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
মারা যাওয়া ব্যক্তির নাম মো. মাহাবুর তরফদার। তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।
শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মেজ ছেলে বাক্প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এ সময় তারা বাবার মরদেহ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না। দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।
তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, তারা কোনো জোরজবরদস্তি করেননি। বরং বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।