সারাদেশ
পুকুরে মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ, চাঁদা না পেয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচ দিন পর রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বারপাড়া ইউনিয়নের একটি পুকুর থেকে শুক্রবার (২০ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের বাবা।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির বাসিন্দা। তিনি সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযুক্ত আবরাদ হাসান সজিব লালমাই কলেজপাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পাঁচ দিন আগে লালমাই বাজারে রিফাতের কর্মস্থল সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় যান অভিযুক্ত সজিব। সেখানে তিনি রিফাতের কাছে চাঁদা দাবি করেন। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মুঠোফোনটি ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ছেলের সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই মধ্যে শুক্রবার উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেটি নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রেদোয়ান হোসেন রিফাতের বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ছেলের হত্যার বিচার দাবি করে নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘সজিব আমার ছেলের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করা হয়। ভেবেছিলাম, এরপর আর কোনো ঝামেলা করবে না। কিন্তু আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কীভাবে মেনে নেব? সজিবই আমার ছেলেকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দিয়েছে। আমি এই ঘটনায় অভিযুক্ত সজিবের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।