সোশ্যাল মিডিয়া

ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন, দাবি রাশেদ খাঁনের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন, দাবি রাশেদ খাঁনের
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দি’ অবস্থায় রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে থাকা স্বাক্ষরের কোনো মিল নেই। চিঠিটি নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, এ থেকে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

রাশেদ খাঁন আরও দাবি করেন, শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাও সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না। এমনকি তার সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করেননি। এসব কারণে শেখ হাসিনা ভারতে একপ্রকার গৃহবন্দি অবস্থায় রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, স্বাভাবিক পরিস্থিতিতে থাকলে শেখ হাসিনা নিজেই জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত তাকে সেই সুযোগ দিতে পারে না বলে দাবি করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ রয়েছে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন অভিযোগ করেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি সামনে এনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে এবং এভাবে আলোচনায় থাকার চেষ্টা করছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে একই বিষয়ে দেওয়া আরেকটি পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে।

তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত একজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। তার দাবি, যাচাই-বাছাইয়ের পর চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে।

রাশেদ খাঁন আরও লেখেন, শেখ হাসিনা একজন ব্যক্তি হওয়ায় তার স্বাক্ষরও নির্দিষ্ট হওয়ার কথা। এ ধরনের আবেদনে জাতীয় পরিচয়পত্রে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর ব্যবহারের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তার দাবি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সরকারি নথিপত্রে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন। অথচ ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে থাকা স্বাক্ষর নিয়ে প্রশ্ন রয়েছে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়। তার অভিযোগ, ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জাল করতে গিয়ে একই ধরনের ভুল করেছে। এ ক্ষেত্রে শেখ হাসিনা বাংলা না ইংরেজিতে স্বাক্ষর করেন, তা যাচাই করে নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।