সারাদেশ

পাহালোয়ানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম

পাহালোয়ানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার পাহালোয়ানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা হলো।

নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ পালোয়ান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিম তালুকদারসহ পাহালোয়ানপাড়া, কালাইকুড়ি, কৈকুড়ি, কোমারভোগ, চক সোনার ও আমইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

adomdighi 2.jpg

তিনি আরও বলেন, পাহালোয়ানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি পাহালোয়ানপাড়া এলাকার রাস্তাটির উন্নয়নকাজও দ্রুত শুরু হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন তিনি।

মাদ্রাসাটির নতুন ভবন নির্মাণের উদ্যোগকে এলাকার শিক্ষা ও ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্প্রসারণ এবং সবার সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

এলাকাবাসী মাদ্রাসার নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ কামনা করেছেন।