সারাবিশ্ব
পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর বহরে থাকা ৪ রাফাল খুঁজে পাচ্ছে না ভারত
পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসে সংঘাতের আগে ভারতের বিমানবাহিনীর বহরে ফ্রান্সের তৈরি ৩৬টি রাফাল যুদ্ধবিমান ছিল। তবে বর্তমানে দেশটির সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি। ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটি প্রকাশের পর পাকিস্তানের সেই দাবি নতুন করে আলোচনায় এসেছে, যেখানে দেশটি সংঘাতের সময় ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল।
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্ষমতা ও যুদ্ধবিমানের বহর নিয়ে প্রকাশিত বার্ষিক তালিকায় ভারতের সক্রিয় রাফালের সংখ্যা ৩২টি উল্লেখ করেছে ফ্লাইট ইন্টারন্যাশনাল।
আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন দেশে সামরিক অভিযানে অংশ নিয়েছে রাফাল যুদ্ধবিমান। সর্বশেষ ভারত ও পাকিস্তানের সংঘাতেও এ যুদ্ধবিমান ব্যবহার করা হয়।
২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। এ চুক্তির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এর বাইরে সম্প্রতি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
যেভাবে শুরু হয় ভারত-পাকিস্তান সংঘাত
২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত শুরু হয়।
ওই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। একই সঙ্গে ভারতের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, ভারতের দেওয়া বিবরণে নানা বানোয়াট তথ্য রয়েছে।
চার দিনের ওই সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।
পাল্টাপাল্টি হামলায় দুই দেশের বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
রাফাল ভূপাতিতের দাবি পাকিস্তানের
সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানও ছিল।
অন্যদিকে, সংঘাতে নিজেদের কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর দাবি প্রত্যাখ্যান করে ভারত।
এ বিষয়ে সে সময় সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেন, পাকিস্তানের হামলায় ভারতীয় বিমানবাহিনীর অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
আধুনিক প্রযুক্তির ফরাসি রাফাল যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনা ছিল প্রথম। ওই ফরাসি কর্মকর্তা আরও জানান, আকাশযুদ্ধে একটির বেশি রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ।
চারটি রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের
চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী জানায়, সংঘাতে তাদের নিশ্চিতভাবে ভূপাতিত করা যুদ্ধবিমানের মধ্যে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ ছিল। এ ছাড়া একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে দেওয়া তার হিসাব অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা ছিল ১০টি।
এর আগে ট্রাম্প প্রথমে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে গত বছরের অক্টোবরে সংখ্যাটি সাতটি এবং নভেম্বরে আটটি বলে উল্লেখ করেন তিনি।
তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সংখ্যা নিয়ে ভারত ও পাকিস্তানের দাবির মধ্যে এখনো পার্থক্য রয়েছে।
তথ্যসূত্র: দ্য ডন