সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন করা হয়েছে


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন করা হয়েছে
ছবি: সংগৃহীত

প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন করা হয়েছে। 


শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দামুড়হুদা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে এলাকার প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

দামুড়হুদা বাজার বণিক সমিতি ও দামুড়হুদা ভুষিমাল ব্যবসায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।

দামুড়হুদা বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারী আবেদ-উদদৌলা-টিটন, জালাল উদ্দিন ও আমজাদ হোসেন, চুয়াডাঙ্গার দায়িত্ব প্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম।

এ সময় কৃষি হাট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান স্বপন, প্রচার সম্পাদক শহিদুল ইসলামসহ বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক ও বিভিন্ন জায়গা থেকে আগত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই কৃষি হাটের মাধ্যমে ধান, ভুট্টা, ডাল, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচার একটি নির্দিষ্ট ও সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি হবে। এতে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। ক্রেতা-বিক্রেতারা সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ায় স্থানীয় অর্থনীতিও গতি পাবে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা মনে করেন, দামুড়হুদা কৃষি হাট এলাকার কৃষি বাজারব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।