সারাবিশ্ব
ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের বিরোধী চীন ও রাশিয়া: আরাঘচি
ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার প্রস্তাবের বিরোধিতা করেছে দেশটির দুই ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া। অভ্যন্তরীণভাবে পারমাণবিক কৌশল পরিবর্তনের দাবি জোরালো হলেও বর্তমান নীতি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে মস্কো ও বেইজিং। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়টি অত্যন্ত বিস্তৃত ও সংবেদনশীল। এ নিয়ে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। তবে দেশটির দুই গুরুত্বপূর্ণ মিত্র চীন ও রাশিয়া বর্তমান পারমাণবিক নীতি অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছে।
আরাঘচি আরও জানান, এখন পর্যন্ত ইরানের আনুষ্ঠানিক অবস্থান ও পারমাণবিক কৌশলে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও তেহরান এখনো তার ঘোষিত পারমাণবিক নীতিতেই অটল রয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাত এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর দেশটির কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে পারমাণবিক নীতি পরিবর্তনের দাবি নতুন করে জোরালো হয়েছে। এসব গোষ্ঠীর অনেকের মতে, ইসরায়েলি সামরিক হামলা ও যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় ইরানের নিজস্ব পারমাণবিক অস্ত্র থাকা প্রয়োজন। তাদের যুক্তি, পারমাণবিক সক্ষমতা ইরানের জাতীয় নিরাপত্তা ও প্রতিরোধব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে।
তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থাকলেও এখন পর্যন্ত ইরানের সরকারি পর্যায়ে কোনো নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে চীন ও রাশিয়ার অবস্থানও তেহরানের বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে দেশটির বিরোধ অব্যাহত রয়েছে। নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার যথাযথ নিন্দা না জানানোর অভিযোগ তুলে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে তেহরান।
অন্যদিকে, পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যক্রম পুনরায় চালুর স্বার্থে দ্রুত পরিদর্শকদের কাজে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আইএইএ। ফলে একদিকে পারমাণবিক নীতি নিয়ে ইরানের অভ্যন্তরীণ বিতর্ক, অন্যদিকে চীন-রাশিয়ার কূটনৈতিক অবস্থান এবং আইএইএ-এর সঙ্গে চলমান বিরোধ-সব মিলিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।