সারাদেশ

বগুড়ায় বিএনপির ধাওয়া, মশাল ও ককটেল ফেলে পালালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

বগুড়ায় বিএনপির ধাওয়া, মশাল ও ককটেল ফেলে পালালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

বগুড়ায় মশালমিছিল বের করার পর বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে মশাল ও ককটেল ফেলে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী রনবাঘা বাইপাস এলাকার একটি সড়কে মশালমিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে অগ্রসর হওয়ার সময় বিষয়টি জানতে পারেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তারা মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় দুটি ককেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখান থেকে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তারা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।