রাজনীতি
‘জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে; গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে, কাউকে মারেনি’
আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে রাখা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে। গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে, কাউকে মারা হয়নি। তবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য দলটির ক্ষমা চাওয়া উচিত। কোনো দলকেই সারাজীবনের জন্য ঘৃণা করে রাখা উচিত নয়।
তিনি বলেন, কোনো দলের কেউ অপরাধ করলে সঠিক বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের শাস্তি হোক, এতে তার আপত্তি নেই। তবে ৩০ শতাংশের বেশি মানুষের সমর্থন রয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা পালন করেছে, এমন একটি রাজনৈতিক দলকে বন্ধ করে রাখা সমীচীন বলে মনে করেন না তিনি।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন ফজলুর রহমান। এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, দলটিকে নিষিদ্ধ রাখা, দেশে আইনের শাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। পাশাপাশি জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক ঐক্য নিয়েও কথা বলেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার বিষয়ে তিনি বলেন, একটি দলকে দীর্ঘদিন বন্ধ করে রাখা অনেকটা নদীতে বাঁধ দেওয়ার মতো। নদীর স্রোত আটকে দিলে একসময় পানি অন্য দিক দিয়ে উপচে পড়ে। যেদিন সেই বাঁধ ভেঙে যাবে, সেদিন লোহার বাঁধ দিয়েও স্রোত থামানো সম্ভব হবে না। নিষিদ্ধ করার পেছনে সুনির্দিষ্ট কারণ ও ব্যাখ্যা থাকতে হবে। আন্তর্জাতিক মহলের কাছেও এর ব্যাখ্যা দিতে হবে। আওয়ামী লীগকে কি আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
ফজলুর রহমান বলেন, কোনো রাজনৈতিক দলকে আজীবনের জন্য নিষিদ্ধ করে রাখার চেয়ে সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। উদাহরণ হিসেবে তিনি মুসলিম লীগের কথা উল্লেখ করেন। তার ভাষ্য, ১৯০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৪৭ সাল পর্যন্ত পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে মুসলিম লীগ। ১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায়ও ছিল দলটি। কিন্তু বর্তমানে নির্বাচনে দলটি কোনো আসনেই জামানত রক্ষা করতে পারে না। জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকেও জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ দেওয়া উচিত।
জামায়াত ও বিএনপির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত একসময় বিএনপিকে ধাক্কা দেবে বলে তিনি মনে করেন। সংসদে দুই দলকে একসঙ্গে আনন্দ করতে দেখলে বিষয়টি তার নজরে আসে। জামায়াত বিএনপিকে কত দিন সহযোগিতা করে, তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশের অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল রাজনীতির কথা বলা দলগুলো ঠিকমতো রাজনীতি করতে পারছে না। কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ, রব সাহেবদের দল কিংবা জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ডও সীমিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বর্তমানে মূলত একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও এনসিপি রাজনীতিতে সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, জাসদ, বাসদ ও কমিউনিস্ট পার্টি রাজপথে মিছিল করতে পারলে দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে সরকারের সুবিধা হতো। জামায়াত ও এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে এসব দলের প্রতিবাদ ও পাল্টা অবস্থান থাকত। কিন্তু এসব দলকে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অনেকে তাকে জানিয়েছেন। মিছিল করতে গেলে হামলা, বোমা বিস্ফোরণ এবং কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
সংবিধান নিয়ে আলোচনা করতে গেলেও কাউকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ তুলে ফজলুর রহমান প্রশ্ন করেন, তাহলে দেশের রাজনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে?
আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার প্রসঙ্গে তিনি আবারও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা রাখা দলটিকে বন্ধ করে রাখা সমীচীন নয়। কোনো দল নিষিদ্ধ কি না, সেটিই বড় কথা নয়; আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ছাত্রদল, যুবদল, জামায়াত কিংবা এনসিপির পরিচয়ে কেউ যদি কারও বাড়িতে আগুন দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন ফজলুর রহমান। তার দাবি, অনেকের রাজনৈতিক ও সামাজিক অতীত নিয়ে খোঁজখবর নেওয়া প্রয়োজন। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও বাড়িঘরে আগুন দেওয়ার মতো অপরাধের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড অবশ্যই নিন্দনীয়। কিন্তু অন্য দলের কেউ একই ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধেও সমানভাবে ব্যবস্থা নিতে হবে। সরকার একচোখা আইন প্রয়োগ করছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
ফজলুর রহমান বলেন, যারা নিষিদ্ধ, তারা বেআইনি কর্মকাণ্ড করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। একইভাবে যারা নিষিদ্ধ নয়, তারাও সংবিধান ও আইন মেনে চলতে বাধ্য। তাদের কেউ আইন ভঙ্গ করলে একই ধরনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে।
সবশেষে জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক ঐক্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফজলুর রহমান বলেন, এর আগে এক আলোচনায় জামায়াতের ঢাকা শহরে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন জামায়াতের একের পর এক কর্মসূচির বিপরীতে বিএনপির অবস্থান নিয়েও আলোচনা হয়েছিল। অথচ সেই জামায়াতের সঙ্গেই বিএনপি নতুন করে ঐক্য করেছে, যার ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলে। এই ঐক্যে বিএনপি লাভবান হবে, নাকি আরও বড় বিপদের মুখে পড়বে, সেই প্রশ্নও তোলেন তিনি।