সারাবিশ্ব
মন্দির দর্শন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৯ জন নিহত
ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ সদস্য একটি ক্রুজার গাড়িতে করে খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালকের ঘুম চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ মেডিকেল দল গঠন করেছে।
খবর পেয়ে সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও উদ্ধারকারী দল গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।
বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে তারা মহারাষ্ট্রে ফিরছিলেন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া পরিবারের এক সদস্য জানান, তারা তিনটি গাড়িতে করে মোট ৩৬ জন আত্মীয়স্বজন খাতু শ্যাম থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে যাচ্ছিলেন। পথে দুটি গাড়ি পেছনে পড়ে যায়। দুর্ঘটনায় পড়া গাড়িটি এগিয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। পরে পরিবারের এক সদস্য ফোন করে দুর্ঘটনার খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
তিনি জানান, মঙ্গলবার রাতে তারা যাত্রা শুরু করেছিলেন। পথে একটি হোটেলেও বিরতি নিয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।