বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
মঙ্গলে আলুর চিপসের মতো অদ্ভুত শিলার সন্ধান, রহস্য উদ্ঘাটনে ব্যস্ত নাসার বিজ্ঞানীরা
মঙ্গল গ্রহের পাথরের স্তরে আলুর চিপসের মতো দেখতে অদ্ভুত ও ব্যতিক্রমী কিছু শিলার সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান ‘কিউরিওসিটি’। চাকতির মতো বাঁকানো ও অসমান আকৃতির এসব গঠন ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। এগুলো কীভাবে সৃষ্টি হয়েছে, কী ধরনের খনিজ বা উপাদানে গঠিত এবং মঙ্গলের অতীত ভূতাত্ত্বিক পরিবেশ সম্পর্কে কী তথ্য দিতে পারে, তা জানার চেষ্টা করছেন গবেষকেরা।
গত ১১ নভেম্বর নাসার কিউরিওসিটি রোভারবিষয়ক ব্লগে এ অনুসন্ধানের তথ্য প্রকাশ করা হয়। ২০১২ সাল থেকে মঙ্গল গ্রহে অনুসন্ধান চালিয়ে আসা রোবটযানটি সম্প্রতি ‘নাজকা’ নামে পরিচিত একটি এলাকায় পাথরের নমুনা সংগ্রহের জন্য খনন কার্যক্রম পরিচালনা করে। এ সময় পাথরের স্তরের মধ্যে অস্বাভাবিক আকৃতির বেশ কিছু স্ফটিকসদৃশ গঠন শনাক্ত করে কিউরিওসিটি।
নাসার প্রকাশিত তথ্য ও ছবিতে দেখা যায়, নাজকা অঞ্চলের পাথরের স্তরে ছড়িয়ে রয়েছে চাকতির মতো দেখতে এসব গঠন। এগুলোর কোনোটি দেখতে অনেকটা আলুর চিপসের মতো, আবার কোনোটি বাঁকানো ও অনিয়মিত আকৃতির। পাথরের সঙ্গে মিশে থাকা এসব গঠনের কিনারা ও পৃষ্ঠের বৈশিষ্ট্যও বেশ ব্যতিক্রমী। ফলে এগুলোর উৎপত্তি এবং গঠনপ্রক্রিয়া নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
অস্বাভাবিক এই গঠনগুলোর প্রকৃত বৈশিষ্ট্য জানতে নাজকা এলাকার খননস্থল থেকে সংগ্রহ করা পাথরের নমুনা কিউরিওসিটির নিজস্ব পরীক্ষাগার ‘স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স’ (স্যাম) যন্ত্রে পাঠানো হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে নমুনার রাসায়নিক উপাদান ও বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সম্ভব। এর ফলাফল থেকে শিলাগুলোর মধ্যে কী ধরনের খনিজ বা রাসায়নিক উপাদান রয়েছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন গবেষকেরা।
এ ছাড়া ‘কোলকা’ নামের একটি স্ফটিকসদৃশ গঠনের ওপর বিশেষভাবে নজর দিচ্ছেন বিজ্ঞানীরা। এটি পরীক্ষা করতে লেজার প্রযুক্তিনির্ভর ‘কেমক্যাম’ যন্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। লেজারের মাধ্যমে শিলার নির্দিষ্ট অংশের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে এর উপাদান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে।
শুধু রাসায়নিক বিশ্লেষণই নয়, অস্বাভাবিক গঠনগুলোর পৃষ্ঠের সূক্ষ্ম বৈশিষ্ট্য পর্যবেক্ষণেও উদ্যোগ নিয়েছে কিউরিওসিটি দল। এ জন্য রোবটযানটির যান্ত্রিক বাহুতে যুক্ত ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ (এমএএইচএলআই) ক্যামেরা ব্যবহার করে রাতে কাছ থেকে ছবি তোলার পরিকল্পনা করা হয়েছে। এ সময় সাদা আলো ও অতিবেগুনি রশ্মি উৎপন্নকারী বিশেষ বাতি ব্যবহার করা হবে। এতে শিলাগুলোর পৃষ্ঠের সূক্ষ্ম গঠন ও এমন কিছু বৈশিষ্ট্য দৃশ্যমান হতে পারে, যা সাধারণ আলোতে শনাক্ত করা কঠিন।
বিজ্ঞানীদের আশা, এসব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মঙ্গলের অদ্ভুত শিলাগুলোর উৎপত্তি, খনিজ উপাদান এবং গঠনপ্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে এসব শিলা মঙ্গল গ্রহের অতীত পরিবেশ ও ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে নতুন কোনো সূত্র দিতে পারে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। কিউরিওসিটির এই অনুসন্ধান তাই শুধু অদ্ভুত দেখতে কিছু পাথরের রহস্য উন্মোচন নয়, বরং লাল গ্রহের অতীত সম্পর্কে আরও জানার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।