বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

৪৯ বছরের মহাকাশযাত্রায় নতুন ইতিহাস, পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে ভয়েজার-১


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

৪৯ বছরের মহাকাশযাত্রায় নতুন ইতিহাস, পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে ভয়েজার-১
ছবি: সংগৃহীত

মানুষের তৈরি কোনো মহাকাশযান পৃথিবী থেকে এত দূরে আগে কখনো পৌঁছায়নি। দীর্ঘ ৪৯ বছরের মহাকাশযাত্রা শেষে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশযান ভয়েজার-১। গত ১৮ নভেম্বর পৃথিবী থেকে প্রায় এক আলোক-দিবস দূরত্ব অতিক্রম করেছে মহাকাশযানটি। মহাকাশ গবেষণার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। পৃথিবী থেকে এত দূরে অবস্থান করেও মহাকাশযানটি এখনো মহাকাশের অজানা রহস্য অনুসন্ধানে ছুটে চলেছে।

১৯৭৭ সালে উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার-১। এরপর থেকে নিরবচ্ছিন্নভাবে মহাকাশের গভীরে এগিয়ে চলেছে এটি। নাসার তথ্য অনুযায়ী, বর্তমানে মহাকাশযানটির গতিবেগ ঘণ্টায় প্রায় ৬১ হাজার ১৫৫ কিলোমিটার বা ৩৮ হাজার মাইল। গত ১৮ নভেম্বর এটি পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৫৮৯ কোটি কিলোমিটার বা ১ হাজার ৬০৯ কোটি মাইল দূরে অবস্থান করছিল। এই দূরত্বকে প্রায় এক আলোক-দিবসের সমান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্ব বলতে আসলে কী বোঝায়? বিষয়টি সহজভাবে বুঝতে হলে আলোর গতির ধারণা জানা প্রয়োজন। মহাকাশে আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার বা ১ লাখ ৮৬ হাজার মাইল পথ অতিক্রম করে। এই গতিতে কোনো আলো একটানা ২৪ ঘণ্টা চলতে থাকলে যে দূরত্ব অতিক্রম করবে, সেটিই এক আলোক-দিবস। এর পরিমাণ প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার বা ১ হাজার ৬০০ কোটি মাইল।

আলোর এই বিপুল গতির সঙ্গে তুলনা করলে মহাকাশের দূরত্ব সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। আলো এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় এক আলোক-সেকেন্ড। এই দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের কাছাকাছি। অন্যদিকে, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ৮ আলোক-মিনিট।

একইভাবে, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় এক আলোকবর্ষ। এর পরিমাণ প্রায় ৯ দশমিক ৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫ দশমিক ৮৮ ট্রিলিয়ন মাইল। নাসার এক ব্লগের তথ্য অনুযায়ী, আলোর গতিতে ভ্রমণ করলেও আমাদের সৌরজগতের একেবারে বাইরের সীমান্ত হিসেবে বিবেচিত উর্ট ক্লাউডে পৌঁছাতে প্রায় ১ দশমিক ৮৭ বছর সময় লাগবে। আর সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে লাগবে প্রায় ৪ দশমিক ২৫ বছর।

ভয়েজার-১ পৃথিবী থেকে এত দূরে চলে যাওয়ায় মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ করাও এখন বেশ সময়সাপেক্ষ হয়ে উঠেছে। নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে কোনো নির্দেশনা বা রেডিও সংকেত পাঠালে সেটি ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। একইভাবে, মহাকাশযানটি থেকে পাঠানো কোনো সংকেত পৃথিবীতে ফিরে আসতেও আরও প্রায় ২৪ ঘণ্টা প্রয়োজন হয়। অর্থাৎ পৃথিবী থেকে একটি বার্তা পাঠিয়ে তার উত্তর পেতে সব মিলিয়ে প্রায় দুই দিন অপেক্ষা করতে হয়।

বিষয়টি বোঝাতে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড বলেন, কেউ যদি ভয়েজার-১-কে 'হ্যালো' বলতে চান, তাহলে বার্তাটি পাঠিয়ে বাড়ি চলে যেতে পারেন। কারণ উত্তর পাওয়ার জন্য তাঁকে টানা দুই দিন অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ভয়েজার-১ শুধু দূরত্বের রেকর্ড গড়েই থেমে নেই; এটি মানবজাতির মহাকাশ অনুসন্ধানের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান। পৃথিবী থেকে কয়েক দশক ধরে দূরে সরে যেতে যেতে এটি সৌরজগতের বাইরের পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। একসময় মানুষের পাঠানো একটি মহাকাশযান হিসেবে যাত্রা শুরু করলেও আজ ভয়েজার-১ মহাকাশের গভীরতম অঞ্চলে মানবসভ্যতার প্রযুক্তিগত সক্ষমতা ও অনুসন্ধিৎসার প্রতীক হয়ে উঠেছে। পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছানোর এই অর্জন মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটি স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে।