বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

এবার নিজের পছন্দমতো সাজানো যাবে ফেসবুকের ফিড, চালু করবেন যেভাবে


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

এবার নিজের পছন্দমতো সাজানো যাবে ফেসবুকের ফিড, চালু করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ফেসবুক খুললেই অপ্রাসঙ্গিক পোস্ট কিংবা অপছন্দের ভিডিও সামনে আসছে। এবার নিজের আগ্রহের বিষয় জানিয়ে ফেসবুকের কনটেন্ট সুপারিশে পরিবর্তন আনার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এ জন্য ‘ইয়োর অ্যালগরিদম’ নামে নতুন একটি সুবিধা চালু করছে মেটা।

নতুন এই সুবিধার মাধ্যমে ফেসবুকের ফিড ও রিলসে কোন ধরনের কনটেন্ট বেশি দেখতে চান এবং কোন ধরনের কনটেন্ট কম দেখতে চান, তা সরাসরি জানানো যাবে। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পরবর্তী সময়ে কনটেন্ট সুপারিশেও পরিবর্তন আসবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কাজ করবে এই ব্যবস্থা। ব্যবহারকারীর আগ্রহ ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করে কোন ধরনের বিষয়বস্তু সামনে আনা হবে, তা নির্ধারণে সহায়তা করবে প্রযুক্তিটি।

যেভাবে চালু করবেন নতুন সুবিধা

ফিচারটি ব্যবহার করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে ফিড অথবা রিলসে যেতে হবে। এরপর পছন্দের যেকোনো পোস্টের পাশে থাকা তিনটি ডট চিহ্নে চাপ দিতে হবে। সেখানে ‘ইয়োর অ্যালগরিদম’ অপশনটি দেখা গেলে সেটিতে প্রবেশ করে নিজের আগ্রহের বিষয়গুলো যোগ বা পরিবর্তন করা যাবে।

এ ছাড়া পোস্টের নিচে থাকা ‘ইন্টারেস্টেড’ ও ‘নট ইন্টারেস্টেড’ অপশন ব্যবহার করেও নিজের পছন্দ জানানো সম্ভব। কোনো কনটেন্ট ভালো লাগলে ‘ইন্টারেস্টেড’ নির্বাচন করলে একই ধরনের পোস্ট বা ভিডিও বেশি দেখানোর সুপারিশ করা হতে পারে। অন্যদিকে, কোনো কনটেন্ট ভালো না লাগলে ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করলে ওই ধরনের পোস্ট বা ভিডিও কম দেখানো হতে পারে।

মেটার ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে ফিড ও রিলসের কনটেন্ট সুপারিশে পরিবর্তন আসতে পারে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি বড় ভাষা মডেল প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারকারীর লেখা বিশ্লেষণ করে তার আগ্রহ বুঝতে সহায়তা করবে।

তবে নতুন সুবিধাটি সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একই সময়ে চালু নাও হতে পারে। কোন কোন দেশে প্রথম এটি চালু হচ্ছে, সে বিষয়ে মেটার ঘোষণায় নির্দিষ্ট তালিকা দেওয়া হয়নি।