সোশ্যাল মিডিয়া

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মাদকবিরোধী পদক্ষেপ নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তোলার জবাবে তিনি বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও সংশ্লিষ্টরা আসলে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করছেন।

সোমবার ১৯ অক্টোবর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব মন্তব্য করেন ইশরাক হোসেন। এর আগে একই দিন বিকেলে বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে ইশরাক লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল।’

তিনি আরও লেখেন, ‘তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’

তরুণ প্রজন্মের উদ্দেশে হতাশা প্রকাশ করে ইশরাক লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ একই সঙ্গে এক তরুণের ফোন পাওয়ার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, মাদকের বিস্তার রোধে তার উদ্যোগকে অনেকেই সমর্থন জানাচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’

নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো।’

তিনি আরও অভিযোগ করেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে এভাবে রাজনীতি করে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।

মাদক নির্মূলে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসের শেষাংশে ইশরাক লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’