বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
দেশের আকাশে অক্টোবরে দেখা যাবে ৫ মহাজাগতিক দৃশ্য
চলতি অক্টোবর মাসের বাকি দিনগুলোতে বাংলাদেশের আকাশে দেখা মিলতে পারে পাঁচটি আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্যের। এ সময় সাধারণত বৃষ্টি ও মেঘের আনাগোনা কম থাকায় আকাশ পরিষ্কার থাকে। ফলে তারা, গ্রহ ও উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।
বিশ্বের অন্যতম জনপ্রিয় জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘অ্যাস্ট্রোনমি’ ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরের বাকি দিনগুলোতে রাতের আকাশে কয়েকটি উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ রয়েছে।
১. ওরিওনিড উল্কাবৃষ্টি
অক্টোবরের শেষার্ধের অন্যতম আকর্ষণ ওরিওনিড উল্কাবৃষ্টি। বিখ্যাত হ্যালির ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা থেকে এই উল্কাবৃষ্টির সৃষ্টি হয়। আগামী ২১ ও ২২ অক্টোবরের মধ্যবর্তী রাতে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কথা।
এ সময় চাঁদের আলো থাকলেও মধ্যরাতের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে গভীর রাত থেকে ভোরের আলো ফোটার আগপর্যন্ত আকাশ অন্ধকার থাকবে, যা উল্কাবৃষ্টি দেখার জন্য অনুকূল সময়। পরিষ্কার ও অন্ধকার আকাশে ঘণ্টায় প্রায় ১৫টি উল্কা দেখা যেতে পারে।
২. সন্ধ্যার আকাশে শনি গ্রহ
সেপ্টেম্বরে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসার পর অক্টোবরের শেষ ভাগেও শনি গ্রহ সন্ধ্যার আকাশে উজ্জ্বল থাকবে। সূর্যাস্তের পর দক্ষিণ-পূর্ব আকাশে সহজেই গ্রহটিকে শনাক্ত করা যাবে। রাতের প্রথম ভাগে এটি আকাশের ওপরের দিকে অবস্থান করবে এবং মধ্যরাতের পর পশ্চিম আকাশের দিকে হেলে পড়বে।
শনিকে স্থির ও হালকা হলুদ সোনালি আভায় জ্বলতে দেখা যাবে। বাইনোকুলার বা ছোট দূরবিন ব্যবহার করলে গ্রহটির বলয় এবং বৃহৎ উপগ্রহ টাইটান দেখার সুযোগ মিলতে পারে।
৩. সন্ধ্যার আকাশে উজ্জ্বল শুক্র
অক্টোবরের শেষ দুই সপ্তাহে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে উজ্জ্বল হয়ে দেখা দেবে শুক্র গ্রহ। গোধূলির আলো কমে এলে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিগন্তে এটিকে সবচেয়ে উজ্জ্বল মহাজাগতিক বস্তু হিসেবে দেখা যেতে পারে।
সূর্যাস্তের পর প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত শুক্র দিগন্তের কিছুটা ওপরে থাকবে। গ্রহটি দেখতে কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে না, খালি চোখেই দেখা সম্ভব।
এদিকে বৃহস্পতি সাধারণত গভীর রাতের আকাশে দৃশ্যমান হয়। তবে অক্টোবরের শেষ সপ্তাহে রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পূর্ব দিগন্তে গ্রহটিকে উজ্জ্বলভাবে উঠতে দেখা যেতে পারে।
৪. হান্টার্স মুন ও চাঁদের সঙ্গে শনির অবস্থান
অক্টোবরের শেষার্ধে চাঁদ ধীরে ধীরে পূর্ণিমার রূপ নেবে। আগামী ২৫ ও ২৬ অক্টোবরের রাতে আকাশে দেখা যাওয়ার কথা বছরের ‘হান্টার্স মুন’ বা শিকারি পূর্ণিমা। এ সময় চাঁদের সোনালি সাদা আলোয় রাতের আকাশ আলোকিত হয়ে উঠবে।
এ ছাড়া পূর্ণিমার আগে ২৪ অক্টোবরের দিকে চাঁদ ও শনি গ্রহকে রাতের আকাশে পরস্পরের কাছাকাছি অবস্থানে দেখা যেতে পারে। এই দৃশ্য মহাকাশ পর্যবেক্ষণপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।
৫. হেমন্তের নক্ষত্রমণ্ডল
অক্টোবরের শেষ ভাগে সন্ধ্যার আকাশে হেমন্তের পরিচিত নক্ষত্রমণ্ডলগুলোও দৃশ্যমান হয়ে ওঠে। ১৮ থেকে ২০ অক্টোবরের দিকে কৃত্রিম আলোর দূষণমুক্ত স্থান থেকে দূরবিনের সাহায্যে অ্যান্ড্রোমিডা ছায়াপথকে আবছা আলোর মেঘের মতো দেখা সম্ভব।
সন্ধ্যার পর পূর্ব ও উত্তর-পূর্ব আকাশে কাল্পনিক ডানাওয়ালা ঘোড়ার আকৃতির পেগাসাস নক্ষত্রমণ্ডলের চারকোনা বিন্যাস স্পষ্ট হয়ে উঠবে। এ ছাড়া উত্তর আকাশে ইংরেজি ‘ডব্লিউ’ অক্ষরের মতো দেখতে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলও উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে।