সারাদেশ

সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে যুবক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর উপকণ্ঠ সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় শাহিন (৪০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে ছায়াবীথি আমতলা এলাকায় তাঁকে গণপিটুনি দেওয়া হয়।

আটক শাহিন হকার্স লীগের কর্মী বলে জানা গেছে। তবে তাঁর সংশ্লিষ্টতা ও ককটেল নিক্ষেপের পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকায় অবস্থিত ফুটওভার ব্রিজ থেকে নিচে একটি ককটেল নিক্ষেপ করা হয়। সড়কে ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পথচারী ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ককটেল নিক্ষেপের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন শাহিন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা তাঁকে ধাওয়া করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী ছায়াবীথি আমতলা এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় স্থানীয় লোকজন শাহিনকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।