রাজনীতি
সরকার ও প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত
সরকার ও প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আলোচনার পর তিনি দলের অবস্থান তুলে ধরেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। তাঁর মতে, সরকারের এমন মনোভাব থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। এতে জনগণের প্রত্যাশা ও সরকারের অবস্থানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং রাজনৈতিক আস্থার সংকট আরও গভীর হচ্ছে।
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে মহাসড়কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে থানায় হামলা চালানো হচ্ছে, আবার কোথাও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি দেশের নিরাপত্তাব্যবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়িঘর, দোকানপাট, সিনেমা হলসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। পাশাপাশি পুরোনো ভিডিও ও ছবি নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এসব ঘটনায় জননিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি স্থাপনা সুরক্ষায় সরকার যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। পরিস্থিতির অবনতি হলেও সরকারের পক্ষ থেকে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিরও প্রয়োজনীয় ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার সুযোগ নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর দাবি, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো দায়িত্বে রয়েছেন। তাঁদের নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্র তৈরি হচ্ছে বলে মনে করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
শেখ হাসিনার দেশে ফেরার বিভিন্ন ঘোষণা ও বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাঁকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি অসম্মানজনক। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানায় জামায়াতে ইসলামী।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতা, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাছ কেটে রাস্তা বন্ধ, যানবাহনে তল্লাশি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখবে।
তিনি জানান, আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এ ছাড়া ডিসেম্বর মাসজুড়েও দলটির বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির বিস্তারিত আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসের মতো। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার লক্ষণ দেখা যাচ্ছে বলে তাঁদের মনে হচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে বলেও জানান তিনি।
জুলাই সনদের গণভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের রায় মেনে নেওয়া হলে চলমান রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে। সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াত তাদের কর্মসূচি প্রত্যাহার করবে। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে।
সংসদের শেষ দিনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের দিকেও দেশবাসীর নজর রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সংসদে জুলাই সনদ নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে ইতিবাচক কোনো বার্তা এলে রাজপথের সংঘাত ও উত্তেজনা এড়ানো সম্ভব হতে পারে।
এদিকে গার্মেন্টস খাতে সাম্প্রতিক সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং শিল্পকারখানার স্বার্থ রক্ষা-দুটিই সমানভাবে গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সুরক্ষায় মালিকপক্ষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিক ও শিল্প-উভয় পক্ষকে ক্ষতিগ্রস্ত করে দেশের অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে জামায়াতের সহযোগিতা চাওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়নি। গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার শর্তে সরকারকে সহায়তা করার কোনো সিদ্ধান্তও দলটির পক্ষ থেকে জানানো হয়নি। তিনি বলেন, সরকারকে প্রথমে গণভোটের রায় মেনে নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক সংকটের সমাধান হলে অন্যান্য সংকট মোকাবিলাও সহজ হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।