জাতীয়
প্রধানমন্ত্রীর উদ্যোগে চোখে অস্ত্রোপচার হলো তিন বছরের শিশুর
জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছিল তিন বছর বয়সী শিশু আবু বক্কর। উন্নত চিকিৎসার অভাবে শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে আবু বক্করের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদন প্রচার করা হয়। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের।
শিশুটির অসুস্থতার বিষয়টি জানতে পেরে তার সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনার পর শিশুটির চিকিৎসার দায়িত্ব পালনে উদ্যোগী হন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তাঁর তত্ত্বাবধানে প্রথমে বগুড়ায় চিকিৎসকদের মাধ্যমে আবু বক্করের শারীরিক অবস্থা ও চোখের সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজধানী ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম শেষে বর্তমানে হাসপাতালে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
অস্ত্রোপচারের পর বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশু আবু বক্করের চিকিৎসার খোঁজখবর নেয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থা, অস্ত্রোপচার-পরবর্তী পরিস্থিতি এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এম আর হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে। তারা আবু বক্করের চিকিৎসা ও পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। পাশাপাশি আবু বক্করের চিকিৎসা যাতে যথাযথভাবে চলতে পারে, সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা, রাজধানীতে অস্ত্রোপচার এবং পরবর্তী সময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেওয়ার এই উদ্যোগে স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। জন্মগত চোখের জটিলতা নিয়ে বেড়ে ওঠা আবু বক্করের সুস্থ হয়ে ওঠার প্রত্যাশায় এখন চিকিৎসকদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছে।