সারাবিশ্ব
আমাজনের গভীর থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী, বাড়ছে অস্তিত্বের শঙ্কা
ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম অরণ্য থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন জীবনযাপন করা আদিবাসী জনগোষ্ঠী ‘আওয়া’র সদস্যদের বিরল কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। বন উজাড়, অবৈধ কাঠ পাচার, শিকারিদের অনুপ্রবেশ এবং গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে তাদের বসবাসের ভূখণ্ড। এতে চরম ঝুঁকির মুখে পড়েছে হাজার বছরের ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি ধারণ করে টিকে থাকা এই জনগোষ্ঠীর অস্তিত্ব।
মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল এসব বিরল ছবি ও ভিডিও প্রকাশ করে। সংগঠনটির ভাষায়, ঘটনাটি একটি ‘ঐতিহাসিক সাক্ষাৎ’। এর আগে সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ জন সদস্যের সাক্ষাৎ হয়। এ সময় তারা বাইরের মানুষের কাছে খাবার চান।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাইয়ের (FUNAI) তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠীর প্রধান বসতি মারানহাও রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে। তারা টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই জনগোষ্ঠীর একটি অংশ এখনো আধুনিক বিশ্বের সঙ্গে কোনো ধরনের নিয়মিত যোগাযোগ ছাড়াই স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে। বননির্ভর জীবনযাপন, শিকার ও বনজ সম্পদ সংগ্রহ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার অন্যতম প্রধান অবলম্বন।
বার্তা সংস্থা রয়টার্সকে ফুনাই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে। ভিডিওতে আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি গ্রামের মানুষের সঙ্গে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর সদস্যদের যোগাযোগ করতে দেখা গেছে। তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কোনো উদ্যোগ নিচ্ছে না ব্রাজিল সরকার। দেশটির প্রচলিত নীতি অনুযায়ী, বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ইচ্ছার বিরুদ্ধে তাদের সঙ্গে যোগাযোগ বা মেলামেশার চেষ্টা করা হয় না।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সরকারি প্রবেশ নিয়ন্ত্রণকেন্দ্র এবং তাওয়ারি গ্রামের কাছাকাছি এলাকায় আওয়া জনগোষ্ঠীর সদস্যদের দেখা যায়। তাওয়ারি গ্রামটি গুয়ারাজারা আদিবাসীদের বসতি হিসেবে পরিচিত। গুয়ারাজারা সম্প্রদায়ের সদস্যরাই এই বিরল মুহূর্তের ভিডিও ধারণ করেন।
সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আমাজনের বনাঞ্চলে অবৈধ কাঠুরে ও খামারিদের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করা আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’-এর অনুরোধে তারা ভিডিওগুলো প্রকাশ করেছে। সংগঠনটির আশঙ্কা, বনভূমি ধ্বংস এবং বহিরাগতদের অনুপ্রবেশ অব্যাহত থাকলে আওয়া জনগোষ্ঠীর জন্য নিরাপদে বসবাসের জায়গা আরও সংকুচিত হয়ে পড়বে।
বন ধ্বংসে সংকুচিত হচ্ছে আওয়াদের আবাসস্থল
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী তাদের ভূখণ্ডের চারপাশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কারণে চরম চাপের মধ্যে রয়েছে। অবৈধভাবে বনভূমি দখল, গাছ কাটা এবং বিভিন্ন ধরনের মানবিক কর্মকাণ্ডের ফলে তারা আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি বনাঞ্চলের মধ্যে আটকে পড়ছে। চারপাশে নির্বিচারে বন ধ্বংস চলতে থাকায় তাদের স্বাভাবিক জীবনযাপন ও নিরাপদ আশ্রয় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মারানহাওর আদিবাসী জনগোষ্ঠীর সংগঠন কোয়াপিমা জানিয়েছে, বিচ্ছিন্ন আদিবাসীদের সঙ্গে এ ধরনের সাক্ষাৎ বা যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। কারণ, যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে বহিরাগতদের মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ও অপরিচিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের। এসব জনগোষ্ঠীর অনেকের শরীরে সাধারণ সংক্রামক রোগের বিরুদ্ধেও পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা না থাকায় সামান্য সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
গত কয়েক দশকে আমাজন অঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী অবৈধ খনিশ্রমিক, কাঠুরে, শিকারি এবং গবাদিপশুর খামারিদের আগ্রাসনের শিকার হয়েছে। বনভূমি দখল ও ধ্বংসের পাশাপাশি বহিরাগতদের সংস্পর্শে এসে অনেক জনগোষ্ঠীর সদস্য প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। ফলে শুধু তাদের বসবাসের জায়গাই হারিয়ে যাচ্ছে না, বরং ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে তাদের স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনধারা।
এর একটি ভয়াবহ উদাহরণ কলম্বিয়ার নুকাক আদিবাসী জনগোষ্ঠী। ১৯৮০-এর দশকে বহিরাগতদের সঙ্গে যোগাযোগের পর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জনগোষ্ঠীটির প্রায় ৪০ শতাংশ সদস্য মারা যান। এই ঘটনা বিচ্ছিন্ন আদিবাসীদের সঙ্গে অপরিকল্পিত যোগাযোগের ভয়াবহ পরিণতির একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
নুকাক জনগোষ্ঠী নিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে সারভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়ো বলেন, বন না থাকলে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীরও অস্তিত্ব থাকে না। কারণ, তাদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনযাপনের প্রায় সবকিছুই বনভূমির ওপর নির্ভরশীল।
বিশেষজ্ঞদের মতে, আমাজন রেইনফরেস্ট রক্ষা করা শুধু পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করে আসা আদিবাসী জনগোষ্ঠীর জীবন, ঐতিহ্য, ভাষা ও সাংস্কৃতিক পরিচয়। বনভূমি ধ্বংস হয়ে গেলে এসব জনগোষ্ঠীর নিজস্ব জীবনধারা টিকিয়ে রাখার ভিত্তিও হারিয়ে যাবে। তাই আওয়া জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় তাদের বসবাসের বনাঞ্চল সুরক্ষিত রাখা, অবৈধ দখল ও বন উজাড় বন্ধ করা এবং তাদের ইচ্ছা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিচ্ছেন আদিবাসী অধিকারকর্মীরা।