সারাবিশ্ব
পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিচ্ছিল আইএইএ, দাবি ইরানের
ইরানের পারমাণবিক স্থাপনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভাগাভাগি করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এ অভিযোগের কারণে সংস্থাটির আন্তর্জাতিক পরিদর্শকদের আবারও ইরানে প্রবেশের অনুমতি দিতে অনীহা প্রকাশ করছে দেশটি। অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথা জানিয়ে পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইএইএ।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির পরিচালনা পর্ষদের আসন্ন বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যদিও বৈঠকটি সরাসরি ইরানকে কেন্দ্র করে আয়োজন করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং দেশটির পারমাণবিক কার্যক্রমের বর্তমান পরিস্থিতি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর থেকে আইএইএ’র আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তেহরান। এর ফলে দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর নিয়মিত নজরদারি ও যাচাই কার্যক্রম পরিচালনা করতে পারছে না সংস্থাটি। বিশেষ করে, ইরানের ঘোষিত পারমাণবিক উপকরণ নির্ধারিত শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আইএইএ’র আশঙ্কা, পরিদর্শকদের প্রবেশাধিকার না থাকায় ইরানের পারমাণবিক উপকরণের মজুত ও ব্যবহার সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা সম্ভব হচ্ছে না। এসব উপকরণের কোনও অংশ ঘোষিত কার্যক্রমের বাইরে অন্য কোনও কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে পারছে না সংস্থাটি। এ পরিস্থিতিতে ইরানকে পারমাণবিক নিরাপত্তা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সিদ্ধান্ত ও বিধান মেনে চলার আহ্বান জানাতে চায় আইএইএ।
পাশাপাশি, দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি ধাপে ধাপে পুনরায় চালু করার প্রস্তাবও দিতে পারে সংস্থাটি। আইএইএ মনে করছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম পুনরায় শুরু না হলে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
তবে তেহরান বলছে, চলমান যুদ্ধ ও নিরাপত্তাঝুঁকি নিরসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে দেশটি প্রথমে যুদ্ধের অবসান এবং ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা না চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চায়। বিশেষ করে, যুক্তরাষ্ট্র যেন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আবারও হামলা না চালায়, সে বিষয়ে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করছে তেহরান।
ইরানি কর্মকর্তাদের অভিযোগ, আইএইএ’র পরিদর্শকেরা দীর্ঘদিন ধরে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর বিভিন্ন তথ্য ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাত্ত সংগ্রহ করেছেন। পরবর্তী সময়ে এসব তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সরবরাহ করা হয়েছে বলে সন্দেহ করছে ইরান। তেহরানের ধারণা, এসব তথ্য দেশটির পারমাণবিক স্থাপনাগুলো শনাক্ত করা এবং সেগুলোতে সামরিক হামলা চালানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকতে পারে।
এদিকে, আইএইএ’র সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে ইরানের অনীহার পেছনে পারস্পরিক অবিশ্বাস বড় ভূমিকা রাখছে। একদিকে সংস্থাটি পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা ও আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে ইরান পরিদর্শকদের তথ্য সংগ্রহের উদ্দেশ্য এবং সেসব তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
সব মিলিয়ে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও আইএইএ’র মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহাল এবং পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আন্তর্জাতিক নজরদারি চালুর বিষয়টি এখন দুই পক্ষের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আইএইএ’র পরিদর্শকেরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তথ্য ভাগাভাগি করেছেন-ইরানের এই অভিযোগের পক্ষে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনও প্রমাণ উল্লেখ করা হয়নি।