জাতীয়
প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী
দেশের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যমান সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব ভবিষ্যতে তরুণ প্রজন্মকেই নিতে হবে। তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন।
দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে সম্পূর্ণ সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে ভবিষ্যতে দেশের বিদ্যুৎ সংকট ও জ্বালানি নির্ভরতা অনেকটাই কমিয়ে আনা যাবে। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি নিজস্ব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন গ্যাসকূপ খননের কাজ চলছে। পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে এবং নিজস্ব কয়লা ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর চাপ অনেকটাই কমে আসবে। এতে জ্বালানি খাতে দেশের সক্ষমতা বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুগম হবে।
শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, চিত্রকলা, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। এসব চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকশিত হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা, যোগ্যতা ও প্রতিভা বাড়াতে হবে। সরকারের নেওয়া উদ্যোগগুলো তখনই সফল হবে, যখন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এসব কার্যক্রমে অংশগ্রহণ করবে।
ভবিষ্যৎ কর্মজীবন ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত আরও একটি বিদেশি ভাষা শেখার পরামর্শ দেন। তার মতে, একাধিক ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের নতুন নতুন সুযোগ তৈরি হবে।
এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। তাদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী ছিলেন। তাঁদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (ডুসাপ) ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থীও এ পরিদর্শনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের জাতীয় সংসদের কার্যক্রম, সংসদীয় পরিবেশ ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।