জাতীয়

সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার
ছবি: সংগৃহীত

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেটের দৌরাত্ম্য ও প্রতারণা বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বল্প ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন অনেক বাংলাদেশি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর নামে একটি অসাধু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। পলাতক স্বৈরাচারের শাসনামলে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিল। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারে। এমনকি সিন্ডিকেটের অনিয়ম ও প্রতারণার কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নিয়োগ স্থগিত কিংবা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ইতোমধ্যে বিপুলসংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এ সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে। এর ফলে প্রায় ১০ হাজার কর্মীকে সামান্য কিছু খরচে, প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, এ ১০ হাজার কর্মীর মধ্যে প্রায় এক হাজার জনকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে বিগত স্বৈরাচারী শাসনামলে গুম ও হত্যার শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা রয়েছেন। তাঁদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। আলোচনায় কয়েকটি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে। তারা বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। এসব দেশের বিভিন্ন খাতে, বিশেষ করে গাড়িচালকসহ অন্যান্য পেশায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বিদেশে কর্মসংস্থানের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।

এ সময় বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের আর্থিক প্রণোদনা দিতে পারে কি না, সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার প্রস্তাব দিয়েছেন। তবে এ অর্থের উৎস কোথায় হবে, তা তাঁর কাছে স্পষ্ট নয়। বিষয়টি সংসদ সদস্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারলে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে যেতে আগ্রহী কর্মীদের অভিবাসন ব্যয় কমার পাশাপাশি নতুন করে বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।