সারাদেশ
ঢাকায় আত্মগোপনে থাকা আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই শুরু হচ্ছে চিরুনি অভিযান
রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেকে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন। তাদের শনাক্ত করতে ইতোমধ্যে সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়িয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। তিনি বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটিয়ে অনেকে রাজধানীতে এসে আত্মগোপন করেছেন। তাদের গ্রেপ্তারে ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে আটক করা হয়েছে। যারা পালিয়ে ঢাকায় আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান এডিসি নিয়াজ মেহেদী। তিনি বলেন, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট স্থাপন এবং টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বাইরে বের হলে তাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল লক্ষ্য। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ করছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় মোট ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া অভিযানের সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নিয়াজ মেহেদী। তিনি বলেন, এসব স্থাপনাকে কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) হিসেবে বিবেচনা করে আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা নজরদারি চালাচ্ছেন, যাতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হয়।
সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। রাজধানীতে নাশকতা বা সহিংসতার যেকোনো ধরনের চেষ্টা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে, বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
এর কয়েক ঘণ্টা আগে রাজধানীর নিকেতনে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খান। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
এ ছাড়া গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রাজধানীতে একের পর এক গ্রেপ্তার এবং সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি জোরদারের মধ্যেই এবার আত্মগোপনে থাকা অন্য নেতাকর্মীদের শনাক্ত করতে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ডিএমপি।