সারাদেশ

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন, সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন, সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ঝাউতলায় বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, পাখা, বিএনপি নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এ সময় কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লেখা দেখা যায়।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। সকালে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে। তবে বিএনপি নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন বলেও জানান তিনি।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ-সংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একদিন আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপির নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়িতেও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।