সারাদেশ

গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (১৯) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া আরও তিনজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন বাছেদ মিয়া (৪০), সোলেমান হোসেন (৫৪) ও আশরাফুল ইসলাম (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হয়। কথাবার্তার একপর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন।

এ সময় তাদের মারধর করে ২০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তরা। পরে ওই নারীর সহকর্মীকে ছেড়ে দিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

একপর্যায়ে আত্মরক্ষার জন্য ওই নারী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করেন।

পরবর্তীতে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।