সারাদেশ

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বান্ধবীকে দিয়ে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বান্ধবীকে দিয়ে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আয়োজনের মধ্যে বরের জন্য পাঠানো মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে মিষ্টি নিয়ে আসা এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিয়ে না করেই বাড়ি ফিরে যান বর।

বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমানের বয়স ২৫ বছর। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তারের বয়স ২০ বছর। তিনি বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

স্থানীয় লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। এ কারণে বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেন তিনি। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে তারা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। সন্ধ্যার আগে বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। এ সময় তিনি বরের পাশে বসা ছিলেন।

বজলুর রহমানের ভাষ্য, এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়। মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে অস্বাভাবিক গন্ধ পান। বিষয়টি জানালে তারা মিষ্টি পরীক্ষা করে বিষ মেশানোর সন্দেহ করেন। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পান তারা।

তিনি আরও জানান, পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান। বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান।

বজলুর রহমান বলেন, এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়, এমন অভিযোগ তিনি শুনেছেন। তবে ঘটনার সত্যতা নিজে নিশ্চিত হতে পারেননি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।