জাতীয়
উত্তরার বাসা থেকে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
ওসি খালিদ মনসুর জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন তিনি।
গ্রেপ্তারের পর নুরুল ইসলাম নাহিদকে থানায় নেওয়া হয়েছে। ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাইবাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট ৫ আসনের (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর টানা ১০ বছর এ দায়িত্ব পালন করেন।