সারাবিশ্ব
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। সৌদি অভিযাত্রী বদর আল শাইবানির সঙ্গে টানা নয় দিনের দুর্গম পদযাত্রা শেষে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পথ ছিল বেশ চ্যালেঞ্জিং। পাহাড়ি জনপদ, পাথুরে রাস্তা ও বরফে ঢাকা দুর্গম এলাকা পাড়ি দিতে ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করেন নাকিব। পুরো অভিযানে নেতৃত্ব দেন এভারেস্টজয়ী সৌদি অভিযাত্রী বদর আল শাইবানি। এ কাজে সহযোগিতা করেন পেশাদার গাইডরা।
অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে আল শাইবানি জানান, পথের ধরন পরিবর্তন হলে কিংবা সামনে খাড়া কোনো ধাপ থাকলে তিনি নাকিবকে আগেই সতর্ক করতেন। নাকিব তার কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করে এগিয়ে যেতেন। পাশাপাশি লাঠি ও পায়ের স্পর্শে পথের অবস্থা বুঝে নিতেন।
আল শাইবানি বলেন, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নেওয়ার পর প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’
নাকিবের শৃঙ্খলাবোধ ও অদম্য সংকল্পেরও প্রশংসা করেন তিনি। আল শাইবানির ভাষ্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিরাও যে কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নিতে পারেন, সেই বার্তা ছড়িয়ে দেওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করাই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য।
অন্যদিকে, অভিযান শেষে নিজের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি জানান, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি আস্থা তাকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে। তার আশা, এই অর্জন তরুণদের স্বপ্ন পূরণে উৎসাহিত করবে এবং প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
এদিকে, অভিযানটির অভিজ্ঞতা ও মানবিক দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিশ্বে এর আগেও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছেছেন এবং কয়েকজন এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। ভারতের ছোনজিন আংমো বিশ্বের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠার কৃতিত্ব অর্জন করেন। দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, বেজক্যাম্পে ট্রেক সম্পন্ন করার পর তিনি চূড়ায় আরোহণ করেন। এ ছাড়া বেঙ্গালুরুর সফটওয়্যার প্রকৌশলী প্রিয়াঙ্কা আগরওয়াল ভারতের দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্ট বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করেছেন বলে জানিয়েছে ডেকান হেরাল্ড।
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের এভারেস্ট জয়ের ইতিহাসে রয়েছেন চীনের ঝাং হং। ২০২১ সালে তিনি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী এশীয় হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন। সিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি বিশ্বের তৃতীয় দৃষ্টিপ্রতিবন্ধী এভারেস্টজয়ী। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার এবং ২০১৭ সালে অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা দ্য ওপেনওয়ার্ক ফাউন্ডেশন ২০২৭ সালের নভেম্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ট্রেকারদের নিয়ে এভারেস্ট বেজক্যাম্পে বিশেষ অভিযান আয়োজনের পরিকল্পনা করছে।