জাতীয়
মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে
মাদরাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে নিজস্ব কর্মীবাহিনী নিয়োগের অভিযোগে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল নুরুল ইসলাম নাহিদকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা এবং এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বর্তমানে তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে তদন্তকারী সংস্থা। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোসহ কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদরাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল আনুমানিক ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারের বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে প্রায় ২০০ থেকে ৩০০ জন অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করেন। এ সময় তাদের ওপর মারধর ও গুলি চালানো হয়। এতে মাদরাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।