সারাদেশ

মুকসুদপুর থানায় আগুন দিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

মুকসুদপুর থানায় আগুন দিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় থানার তিনটি সরকারি ও ছয়টি বেসরকারি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলাকালে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা মুকসুদপুর থানায় হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে থানার বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে চলে লুটপাট।

সরেজমিনে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের কক্ষ ভাঙচুর অবস্থায় দেখা গেছে। ওই কক্ষে লুটপাটও চালানো হয়েছে বলে জানা গেছে। আগুনে থানার অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সমর্থকেরা জড়িত। তাদের দাবি, তারাই থানার অবকাঠামো, তিনটি সরকারি ও ছয়টি বেসরকারি গাড়িতে আগুন দিয়েছেন।

থানার মতো গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থানার স্বাভাবিক কার্যক্রম এবং এলাকার নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার সময় থানায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে হামলার সময় পুলিশ সদস্যরা কোথায় ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঘটনার পর থানার সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামালের সরকারি নম্বরে ফোন করা হলে তিনি কল রিসিভ করেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর ‘রং নম্বর’ বলে কলটি কেটে দেন।