সারাবিশ্ব
ভেনেজুয়েলায় প্রভাব পাকাপোক্ত করতে নতুন কৌশলে ট্রাম্প
ভেনেজুয়েলার ওপর নিজেদের প্রভাব আরও সুসংহত করতে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মাদক পাচার, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারকে এই চুক্তির মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেছে ওয়াশিংটন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, নিরাপত্তার বিষয়টি সামনে থাকলেও এর পেছনে ভেনেজুয়েলায় মার্কিন প্রভাব বজায় রাখা এবং ট্রাম্পের লাতিন আমেরিকাবিষয়ক নীতিকে শক্তিশালী করার রাজনৈতিক হিসাব রয়েছে।
বুধবার আকস্মিক সফরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেখানে তিনি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এবং প্রতিরক্ষামন্ত্রী গুস্তাভো গনসালেস লোপেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর করা এবং নিরাপত্তা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় সামরিক সহযোগিতা বাড়াতে নতুন চুক্তিতে পৌঁছায় দুই দেশ।
চুক্তির আওতায় যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। বিশেষ করে মাদক পাচারকারী চক্র এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, নতুন এই সহযোগিতার মাধ্যমে ভেনেজুয়েলার যেসব অঞ্চলে মাদক পাচারকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে, সেসব এলাকায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা সম্ভব হবে। তাঁর মতে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় আরও কার্যকর ভূমিকা রাখবে।
অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই চুক্তিকে দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখছেন। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ফলে ভেনেজুয়েলার সামরিক বাহিনীর প্রশিক্ষণ, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম ব্যবহারের দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে। তবে এ সহযোগিতার ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব, সংবিধান ও জাতীয় স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
তবে সামরিক সহযোগিতার এই উদ্যোগকে কেবল নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এরপর ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেলশিল্প ও তেল বিক্রির আয়ের ওপর ওয়াশিংটনের প্রভাব আরও বেড়েছে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ফিল গানসনের মতে, বর্তমান পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখাই দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। অন্যদিকে ভেনেজুয়েলার তেল বিক্রির আয় এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ থাকায় ওয়াশিংটনের হাতে দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগের শক্তিশালী হাতিয়ার রয়েছে। ফলে সামরিক সহযোগিতার এই চুক্তি দুই দেশের সম্পর্কের পাশাপাশি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভেনেজুয়েলা ইস্যুটি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ট্রাম্প প্রশাসনের লাতিন আমেরিকান নীতি নিয়ে কংগ্রেসে সমালোচনা ও চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাবও সামনে এসেছে। বিশ্লেষক কার্লোস পিনার মতে, হেগসেথের এই সফর শুধু সামরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নয়; বরং ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতির পক্ষে রাজনৈতিক সমর্থন তৈরির প্রচেষ্টাও হতে পারে।
নতুন চুক্তির প্রভাব ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার ওপরও পড়তে পারে। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চুক্তির পূর্ণাঙ্গ শর্ত ও বাস্তবায়ন পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি। ফলে ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়বে কি না, কিংবা ভবিষ্যতে দুই দেশের সামরিক সহযোগিতা কোন পর্যায়ে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
আঞ্চলিক বিশ্লেষকদের আশঙ্কা, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় লাতিন আমেরিকার অন্যান্য দেশেও উদ্বেগ তৈরি হতে পারে। তাঁদের মতে, এই ঘটনা নিজেদের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ওয়াশিংটন সামরিক শক্তি ব্যবহারে কতটা আগ্রহী, তার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। সব মিলিয়ে নতুন সামরিক চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই সহযোগিতা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা কতটা নিশ্চিত করবে, নাকি আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করবে, সেটিই এখন দেখার বিষয়।