রাজনীতি
দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
দেশে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গত কয়েক দিন ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। থানা লুট, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আপনারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অথচ আপনাদের নেতারা বিদেশে বসে আরাম-আয়েশ করছেন এবং সেখান থেকেই নেতাকর্মীদের ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টিতে উসকানি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভালো হবে না। অনেক সহ্য করা হয়েছে, কিন্তু এখন আর কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, কোন ইস্যুকে কেন্দ্র করে আপনারা এসব কর্মকাণ্ড চালাচ্ছেন? আপনাদের সামনে কোনো যৌক্তিক ইস্যু নেই। দেশ স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। এরপরও কেউ যদি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেন, যারা সহিংসতা, ভাঙচুর কিংবা নাশকতার সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকবে বিএনপি।
বিএনপির সাংগঠনিক শক্তির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দলের হাজার হাজার নেতাকর্মী মাঠে রয়েছেন। বিএনপিকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেশের স্বার্থে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তারা এখন পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। বিএনপি চায় দেশে স্থিতিশীলতা বজায় থাকুক, সাধারণ মানুষ নিরাপদে থাকুক এবং দেশ স্বাভাবিক গতিতে এগিয়ে যাক। তবে কেউ সেই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
সমাবেশে তিনি দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।