জাতীয়

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি জেলায় ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক সংগঠন গড়ে তোলা প্রয়োজন। কারণ, সমাজের অনেক সমস্যার সমাধান শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়; বরং মানুষের সম্মিলিত উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমেও এসব সমস্যার কার্যকর সমাধান করা যেতে পারে।

আজ বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সংগঠনটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষা থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় সংগঠনটির সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

‘আলোকিত লালমনিরহাট’-এর কার্যক্রমের প্রশংসা করে তারেক রহমান বলেন, বাংলাদেশের ৬৩ জেলায় এ ধরনের একটি করে সামাজিক সংগঠন থাকা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, সব সমস্যার সমাধান সব সময় আইন করে সম্ভব নয়। সমাজে এমন অনেক সমস্যা রয়েছে, যেগুলো স্থানীয় পর্যায়ে সামাজিক সংগঠনের উদ্যোগ, মানুষের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা সম্ভব।

বিগত সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সে সময় মানুষ ভয়ের মধ্যে বসবাস করেছে এবং নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। শুধু সাধারণ মানুষই নয়, সমাজের সম্মানিত ব্যক্তি, জ্ঞানী-গুণী ও প্রবীণদেরও বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে। এখন পরিবর্তিত পরিবেশে আলোকিত লালমনিরহাটের মতো সামাজিক সংগঠন দেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়লে হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ আবারও প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ ধরনের সংগঠনে বিভিন্ন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজের কল্যাণে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

পরিবেশদূষণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার নেতিবাচক প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের আয়-রোজগার ও ভোগ্যপণ্যের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, সবুজ মাঠ, বাজার-ঘাটসহ বিভিন্ন স্থানে আবর্জনার পরিমাণও বাড়ছে। এসব বর্জ্য একদিকে পরিবেশের ক্ষতি করছে, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। চারপাশে ময়লা-আবর্জনা জমে থাকলে তা মানুষের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

এ পরিস্থিতি মোকাবিলায় পুরো লালমনিরহাট জেলাকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে মানুষের ফেলে দেওয়া আবর্জনা নির্দিষ্ট স্থানে সংগ্রহ করতে হবে। পাশাপাশি জেলার অন্যান্য এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে লালমনিরহাটকে দেশের অন্যতম পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা তৈরির বিষয়ে গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, সংগঠনটির সদস্যরা যেভাবে মাদকাসক্ত ব্যক্তিদের কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে বের করে আনার চেষ্টা করেছেন এবং পারিবারিক বিরোধ মিটিয়ে ভাঙনের মুখে থাকা পরিবারগুলোকে একত্র করেছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে হবে। কীভাবে আবর্জনা সংরক্ষণ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, সে বিষয়ে প্রত্যেক পরিবারকে বোঝাতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। প্রতিটি পরিবারের সদস্যদের নিজেদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রতিবছর তাদের জন্মদিন উপলক্ষে কয়েকটি করে গাছ লাগানো সম্ভব। এভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে অল্প সময়ের মধ্যেই একটি এলাকায় গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আজ যে মূল্যবান গাছের চারা রোপণ করা হবে, সেটি বড় হয়ে একসময় পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে। কোনো শিশুর বয়স এক, দুই কিংবা তিন বছর হলে তার ভবিষ্যতের কথা চিন্তা করে ওই শিশুর নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে শিশুটির শিক্ষা বা অন্যান্য অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হবে।

বাড়ির আশপাশে বড় গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, বাড়ির চারপাশে যত বেশি বড় গাছ থাকবে, ঘরবাড়ি তত বেশি শীতল থাকবে। গাছপালা প্রাকৃতিক পরিবেশকে সুন্দর রাখার পাশাপাশি নির্মল বাতাস উপভোগের সুযোগ তৈরি করে। এ ছাড়া ঝড়, তুফান কিংবা টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগের সময় বাড়ির আশপাশে উপযুক্ত গাছপালা থাকলে সেগুলো ঘরবাড়ি সুরক্ষায়ও সহায়ক ভূমিকা রাখতে পারে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি সৃষ্টিকর্তা বিভিন্ন পশুপাখি, জীবজন্তু ও পোকামাকড় সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি প্রাণীরই নিজস্ব ভূমিকা রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সব ধরনের প্রাণীর অস্তিত্ব ও নিরাপদ আবাসস্থল রক্ষা করা জরুরি।

প্রকৃতিতে পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ তুলে ধরে তারেক রহমান বলেন, যাদের বয়স ৩০ বছরের বেশি, তারা তিন দশক আগের গ্রামের পরিবেশের কথা চিন্তা করলে দেখতে পাবেন, তখন গ্রামেগঞ্জে প্রচুর পাখি দেখা যেত। কিন্তু বর্তমানে আগের মতো পাখি চোখে পড়ে না। নির্বিচারে গাছপালা কেটে ফেলা, পাখি শিকার এবং পাখিদের প্রতি নিষ্ঠুর আচরণের কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে। পাখি দেখলে ধরে রান্না করে খাওয়া কিংবা তাদের আঘাত করার মতো প্রবণতা থেকেও মানুষকে বেরিয়ে আসতে হবে।

একইভাবে প্রজাপতির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলায় প্রকৃতিতে অনেক প্রজাপতি দেখা যেত। কিন্তু বর্তমানে আগের মতো প্রজাপতি চোখে পড়ে না। নির্বিচারে গাছপালা ও ফুল কেটে ফেলার কারণে প্রজাপতির স্বাভাবিক বিচরণ ও বংশবিস্তারের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই গাছপালা, ফুল ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে।

পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানুষের অস্তিত্বের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ক্রমাগত পরিবর্তিত ও বিপর্যস্ত হলে শেষ পর্যন্ত মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। প্রকৃতিকে ধ্বংস করে মানুষের পক্ষে সুস্থ ও নিরাপদ জীবনযাপন সম্ভব নয়। তাই নিজেদের স্বার্থেই পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, আসুন, আমরা নিজেদের এলাকাকে সুন্দর করি এবং এলাকার পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। পরিবেশ রক্ষার মাধ্যমে মানুষকে রক্ষা করি। একই সঙ্গে নিজেদের এলাকা ও দেশকে সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি সমগ্র পৃথিবীকে রক্ষায় ভূমিকা রাখি। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের দায়িত্ব শুধু নিজের ভালো থাকা নয়, বরং সৃষ্টিকর্তার অন্যান্য সৃষ্টির প্রতিও যত্নশীল হওয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দীন বাবুল।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ-প্রেস সচিব সুজন মাহমুদসহ বিএনপির জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।