জাতীয়

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার একটি আদালত শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার মুফতি রুহুল আমিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিচতলায় উপস্থিত হন প্রবাসফেরত ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।

অভিযোগে বলা হয়, এ সময় মুফতি রুহুল আমিন কয়েকজন সহযোগীকে নিয়ে মসজিদে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। এ ঘটনায় উপস্থিত মুসল্লিরা বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, মুফতি রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদী মাওলানা জিয়াউর রহমানের ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া আসামিরা তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করেন এবং তার পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন।

ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের কারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।