সারাদেশ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি এবং জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে এসব ঘটনা ঘটে। এর আগে একই স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ফলে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

ইতোমধ্যে অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল লোক জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়ির সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে তারা এসব স্লোগান দেন। পরে প্রথমে দলীয় কার্যালয়ে এবং এরপর সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দিতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্যও দেখা গেছে।

এর আগে বুধবার ভোরে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে বিব্রত করতে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এতে সারা দেশের মানুষের মতো সিরাজগঞ্জের মানুষও ক্ষুব্ধ।

অগ্নিসংযোগের বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনায় শহরে রাজনৈতিক উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।