বিনোদন

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাচেষ্টা মামলা: অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাচেষ্টা মামলা: অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম অভিনেত্রী জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পাশাপাশি তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা চলে।

পরবর্তী সময়ে গুলিবিদ্ধ ওই ব্যক্তি নিজেই বাদী হয়ে ২০২৫ সালের ৩ মে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো চলমান।