সারাবিশ্ব
সামরিক পরাজয়ের পর শত্রুর লক্ষ্য এখন ইরানের পরিচয় ও সাংস্কৃতিক সত্তা: আইআরজিসি
সামরিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে এগোচ্ছে শত্রুপক্ষ। এবার দেশটির জাতীয় পরিচয়, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সত্তাকে লক্ষ্য করে যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মুহেব্বি। তাঁর দাবি, ইরানের অস্তিত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ধ্বংস করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ এখন দেশটির নিজস্ব পরিচয় মুছে ফেলার কৌশল গ্রহণ করেছে।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানায়, সম্প্রতি বাসিজের শিক্ষার্থীদের এক সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মুহেব্বি। তিনি বলেন, জনগণ ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরোধের ফলে ইরান অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রথম পর্যায় অতিক্রম করেছে। বর্তমানে দেশটি পরিচয় ও সাংস্কৃতিক সত্তা রক্ষার দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে প্রবেশ করেছে।
মুহেব্বি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোরও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কারণ, ইসরায়েলি সরকার শুধু ইরান নয়, বরং ভবিষ্যতে ওই অঞ্চলের অন্যান্য দেশকেও লক্ষ্যবস্তু করতে পারে। তাঁর ভাষায়, শত্রুপক্ষের উদ্দেশ্য কেবল সামরিক শক্তি দিয়ে কোনো দেশকে পরাজিত করা নয়; বরং সুযোগ পেলে সেই দেশের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও নিজস্ব পরিচয়ও কেড়ে নেওয়া।
যুদ্ধের প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা প্রসঙ্গে আইআরজিসির এই মুখপাত্র বলেন, প্রতিপক্ষ এই সংঘাতে প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে একটি শক্তিশালী সামরিক বলয় গড়ে তুলেছিল। তাদের প্রতিরক্ষা ও আক্রমণব্যবস্থার প্রতিটি অংশ একে অপরকে সহযোগিতা করছিল। ফলে সামগ্রিক সামরিক শক্তিকে বাইরে থেকে প্রায় দুর্ভেদ্য বলে মনে হচ্ছিল। কিন্তু বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ইরানের বিরুদ্ধে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারেনি, সেই প্রশ্নও তোলেন তিনি।
মুহেব্বির দাবি, যুদ্ধ ৪০ দিনের বেশি স্থায়ী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও বাস্তবে ২৫ দিনের বেশি প্রতিপক্ষ টিকে থাকতে পারেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, যুদ্ধের ২৫তম দিন থেকেই যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে মধ্যস্থতাকারী হিসেবে কাজে লাগানোর চেষ্টা শুরু করে। তিনি এটিকে প্রতিপক্ষের সামরিক চাপ ও কৌশলগত অবস্থানের দুর্বলতার একটি ইঙ্গিত হিসেবে তুলে ধরেন।
রমজান যুদ্ধের অর্জন প্রসঙ্গে আইআরজিসির মুখপাত্র বলেন, এই সংঘাত ইরানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্জন বয়ে এনেছে। এসব অর্জনের কিছু ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে, আবার কিছু বিষয় এখনো সামনে আসেনি। তাঁর মতে, এই যুদ্ধের সবচেয়ে বড় অর্জন হলো বিজয়, যা ইরান শুধু রণকৌশলগত পর্যায়েই নয়, বরং বৃহত্তর কৌশলগত বা স্ট্র্যাটেজিক পর্যায়েও সুসংহত করতে সক্ষম হয়েছে।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক ও সামরিক-উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষ পরাজয়ের মুখে পড়েছে। তবে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা এবং অর্জন প্রদর্শনের উদ্দেশ্যে শত্রুপক্ষ নতুন করে সামরিক তৎপরতা চালাতে পারে। এ কারণে ইরান কোনো সম্ভাব্য হুমকিকেই ছোট করে দেখছে না।
বক্তব্যের শেষাংশে মুহেব্বি বলেন, সামরিক দিক থেকে ইরান প্রতিপক্ষের যেকোনো সম্ভাব্য পদক্ষেপকে শতভাগ হুমকি হিসেবে বিবেচনা করে। তাই পরিস্থিতি যেদিকেই মোড় নিক না কেন, শত্রুর মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে বলে তিনি দাবি করেন।