প্রবাস
প্রবাসীদের জন্য সৌদি আরবের নতুন সুবিধা, ভিসা প্রক্রিয়া শেষের আগেই পরিবার নেওয়ার সুযোগ
সৌদি আরবে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা এখন কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই পরিবারের যোগ্য সদস্যদের দেশটিতে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন নিয়মে স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ৬ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানায়। এর মাধ্যমে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ হলো।
নতুন ব্যবস্থায় বিদেশি কর্মীদের কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। কাজের ভিসার প্রক্রিয়া চলমান থাকলেও পরিবারের যোগ্য সদস্যদের জন্য প্রবেশ ভিসার আবেদন করা যাবে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা।
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিতে পারবেন। তবে পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার জন্য নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।
গালফ নিউজ জানিয়েছে, বিদেশি কর্মীর কাজের ভিসার প্রক্রিয়া চলার সময়ই পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা দেওয়া যেতে পারে। ফলে পরিবারকে সৌদি আরবে নেওয়ার জন্য নিজের কাজের ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার অপেক্ষা করতে হবে না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।