সারাদেশ
গোপালগঞ্জে কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে ছাত্রদল নেতা সাহেদ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণে কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, কলেজ সরকারি ছুটিতে থাকায় গত ২৭ অক্টোবর দাপ্তরিক কাজ শেষে দুপুরে তিনি বাড়ি ফিরে যান। পরে পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে জানান, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে দ্রুত কলেজে গিয়ে তিনি ঘটনার সত্যতা দেখতে পান। শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে চুরির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে কলেজের সভাপতি ও কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ ট্রেডার্সের কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদের বক্তব্য পাওয়া যায়নি।