রাজনীতি
মোদি সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান
বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়টি তুলে ধরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি হলেও তাতে ভারতের স্বাগত জানানোর বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার দাবি, জাপানের সহযোগিতায় মাতারবাড়ী সমুদ্রবন্দর মূলত ভারতের সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে।
শুক্রবার দুপুরে ‘ভারতে মুসলিম নিধন ও মসজিদে হামলার প্রতিবাদে’ জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান আরও বলেন, ভারতের চাহিদা পূরণ করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দেওয়া হয়েছে। মেট্রোরেল প্রকল্পের সব কাজ ভারত পেয়েছে বলেও তিনি দাবি করেন। তার অভিযোগ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতবিরোধী বক্তব্য দিলেও বাস্তবে দেশটির সঙ্গে সমঝোতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করা হয়েছে।
ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে জাগপা নেতা বলেন, আসাম ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়েছে এবং মসজিদও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে মাইকে আজান দেওয়া ও নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ প্রধান আরও অভিযোগ করেন, মুসলিম নারীদের হিজাবকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে অন্য দিনে নির্ধারণ করা হচ্ছে। গরু পাচারের অভিযোগে মুসলিমদের লক্ষ্য করে গুলি চালিয়ে পঙ্গু করা এবং বাংলাদেশে পুশইন করার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ভারত অন্য দেশকে সম্প্রীতির শিক্ষা দিলেও নিজেদের দেশে উগ্র হিন্দুত্ববাদের মাধ্যমে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে।
জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, ধর্মবিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিয়ান শরীফ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।