সারাবিশ্ব

ভারতে ৬ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ, বিধ্বস্তের আশঙ্কা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম

ভারতে ৬ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ, বিধ্বস্তের আশঙ্কা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের জশিমঠ থেকে বদ্রিনাথ রুটে চলাচলকারী একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এতে পাইলটসহ ছয়জন আরোহী ছিলেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত বদ্রিনাথ দেশটির অন্যতম পরিচিত তীর্থস্থান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবার ৩০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বদ্রিনাথ থেকে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি। পরে হাতি পর্বত এলাকায় পৌঁছানোর পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় এলাকাটিতে তুষারপাত হচ্ছিল।

হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই সেটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও রাজ্যের উদ্ধারকারী বাহিনী।

রাজ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চন্দ্রশেখর বিশ্বনাথ নামের ওই কর্মকর্তা বলেন, সেখানে হেলিকপ্টার বিধ্বস্তের আশঙ্কা রয়েছে। সেনাবাহিনী, রাজ্যের উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

এর আগে গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন প্রাণ হারান।

সূত্র: এনডিটিভি