জাতীয়
‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী
তৃতীয় লিঙ্গের মানুষকে বোঝাতে গিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বক্তব্যের শব্দচয়ন সংশোধন করে তিনি জানিয়েছেন, সেখানে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।
শুক্রবার ৩০ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
পোস্টে এহছানুল হক মিলন লেখেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন এবং বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করতে চান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। ওই শিক্ষার্থীর অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ উৎসাহিত করার বিষয়ে তিনি কথা বলেছিলেন।
তিনি আরও লেখেন, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তার বক্তব্যের মূল উদ্দেশ্য।
শিক্ষামন্ত্রী বলেন, বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন। সেখানে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।
দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ এবং তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।