সারাবিশ্ব

নেতানিয়াহুর সরকার গঠনের পথ বন্ধ, বিরোধী জোটই জয়ী: লাপিদ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

নেতানিয়াহুর সরকার গঠনের পথ বন্ধ, বিরোধী জোটই জয়ী: লাপিদ
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সংসদ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এমন পরিস্থিতিতে দেশটির বিদায়ী বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইলেও আর সরকার গঠন করতে পারবেন না। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী দলগুলো সম্মিলিতভাবে জয় পেয়েছে ৬৭টি আসনে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে কোনো পক্ষকেই সহজ সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, নির্বাচনে বিরোধীরা প্রত্যাশা অনুযায়ী নিরঙ্কুশ ও বড় ব্যবধানে জয় না পেলেও সামগ্রিক ফলাফলের বিচারে বিরোধী জোটই বিজয়ী হয়েছে। তার দাবি, নেতানিয়াহুর জোটের পাওয়া ৫৩টি আসনের মধ্যে ১৩টি আসন এসেছে দুটি কট্টরপন্থি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টি থেকে। দল দুটি মূলত জায়নবাদবিরোধী হিসেবে পরিচিত। এই ১৩টি আসন বাদ দিলে নেতানিয়াহুর জোটের প্রকৃত সমর্থন দাঁড়ায় ৪০ আসনে। এ হিসাব তুলে ধরে লাপিদ বলেন, নেতানিয়াহু যা-ই করুন না কেন, তার পক্ষে সরকার গঠন সম্ভব হবে না।

বিরোধী জোটের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে লাপিদ জানান, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের জন্য সব ধরনের চেষ্টা চলছে। তবে কাজটি বেশ জটিল এবং এ জন্য সময় ও ধৈর্যের প্রয়োজন। তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার গঠনের আলোচনা সাধারণত জনসমক্ষে হয় না। বরং অত্যন্ত গোপনীয়তা ও কৌশলের সঙ্গে পর্দার আড়ালে এসব আলোচনা পরিচালিত হয়।

বিশ্লেষকদের মতে, বিরোধী জোটের আসনসংখ্যা বেশি হলেও প্রধান রাজনৈতিক দলগুলোর অনীহার কারণে সরকার গঠনের সমীকরণ জটিল হয়ে উঠেছে। বিরোধী শিবিরের শীর্ষ দল ইয়াশার, বি’ইয়াচাদ ও ইসরায়েল বেইতেনু ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনে স্পষ্ট আপত্তি জানিয়েছে। এসব দলের মধ্যে রয়েছে জয়েন্ট লিস্ট ও রা’আম।

অন্যদিকে, একক দল হিসেবে নির্বাচনে সবচেয়ে বেশি ২৭টি আসন পেয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠনের চেষ্টা করলেও প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে পিছিয়ে রয়েছে দলটি। ফলে ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে।