সারাবিশ্ব
দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ, ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু
কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। গত সেপ্টেম্বর মাসে দেশটিতে দাবানলের ধোঁয়াজনিত দূষণে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিয়েছেন। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
হেলসিঙ্কিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে, গত সেপ্টেম্বরে বন ও ভূমিতে আগুন লাগার কারণে ইন্দোনেশিয়াজুড়ে বায়ুর মানের মারাত্মক অবনতি ঘটে। এতে দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে, যা আগস্ট মাসের তুলনায় দ্বিগুণ।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এসব তথ্য জানায়।
গবেষণায় কয়েক দিনের মধ্যে অতি সূক্ষ্ম বায়ুদূষণকারী কণা পিএম২.৫-এর সংস্পর্শে আসার কারণে স্বল্পমেয়াদে মৃত্যুর হিসাব করা হয়েছে।
পিএম২.৫ হলো অতি ক্ষুদ্র বায়ুদূষণকারী কণা, যা মানুষের ফুসফুস এমনকি রক্তপ্রবাহেও প্রবেশ করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এসব কণার সংস্পর্শে এলে বিভিন্ন অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অংশ, জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলে।
গবেষকেরা দাবানলের ধোঁয়ার পাশাপাশি নগরাঞ্চলের বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও যানবাহন থেকে সৃষ্ট বায়ুদূষণের প্রভাবও হিসাব করেছেন। এসব উৎসের দূষণে সেপ্টেম্বরে আরও আনুমানিক ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৯ কোটি মানুষের দেশটিতে ওই মাসে বায়ুদূষণজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০।
প্রতিবেদনে আরও বলা হয়, শুধু সেপ্টেম্বরে পিএম২.৫ দূষণের সংস্পর্শে আসার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বার্ষিক সীমার তুলনায় জাতীয়ভাবে সাত গুণের বেশি ছিল। সুমাত্রায় এই মাত্রা ১০ গুণ এবং বোর্নিওর কালিমানতান অঞ্চলে ২৪ গুণ ছাড়িয়ে যায়।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড