সারাবিশ্ব
প্রশ্ন করতেই রয়টার্স সাংবাদিককে ‘জঘন্য’ বলে আক্রমণ করলেন ট্রাম্প
কানসাসে নির্বাচনী সমাবেশ বাতিলের কারণ জানতে চাওয়ায় রয়টার্সের এক সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৯ অক্টোবর এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাম্পকে বেশ ঘামতেও দেখা যায়।
রয়টার্সের সাংবাদিক জ্যাকব বোগেজ ট্রাম্পের কাছে জানতে চান, ভ্রমণজনিত ক্লান্তির কারণে তিনি শনিবারের নির্ধারিত কানসাস সফর বাতিল করেছেন কি না। প্রশ্ন শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেন, ‘এমন প্রশ্ন করাটাই অসুস্থতার লক্ষণ। আপনি অসুস্থ। আপনি কোন সংবাদমাধ্যমের?’
সাংবাদিক নিজের পরিচয় দেওয়ার পর রয়টার্সকেও ‘জঘন্য’ সংবাদমাধ্যম বলে আক্রমণ করেন ট্রাম্প। তখন বোগেজ বলেন, ‘আমরা শুধু নিশ্চিত হতে চাই, আপনি ভালো আছেন।’
এরপর সাংবাদিকের শারীরিক গঠন নিয়েও কটূক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘এই বোকাটাকে দেখুন, লোকটা একেবারেই ফিট নয়।’ পরে তিনি আরও বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীর ঠিক করুন, আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’
কানসাসে রিপাবলিকান দলের বর্তমান সিনেটর রজার মার্শালের সমর্থনে বক্তব্য দেওয়ার কথা ছিল ট্রাম্পের। সফর বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন, মার্শাল ভালো অবস্থানে থাকায় সেখানে যাওয়ার প্রয়োজন মনে করছেন না। পরদিন ফ্লোরিডা সফরে যাওয়ার কথা জানিয়ে নিজের স্বাস্থ্য সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ আছি।’ এ সময় ওই সাংবাদিক গত দুই সপ্তাহ ধরে তাকে অনুসরণ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাংবাদিকদের ওপর একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে দ্য ইনডিপেনডেন্টের সাংবাদিক অ্যান্ড্রু ফেইনবার্গকে সতর্ক থাকতে বলেন তিনি। পরে তাকে চুপ করতে বলে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট।