সারাদেশ
পটুয়াখালীতে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের এক নেতা। এ সময় তার কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উপজেলায় গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগের মধ্যে এ ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শুক্রবার ৩০ অক্টোবর সকালে স্থানীয় বাসিন্দারা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক ব্যক্তির নাম মো. মনির মীর। তিনি গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের কয়েকজন জেলে সাবেক ইউপি সদস্য মনির মীরের বাড়ির সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাকে কাছাকাছি পূর্ব দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আটকে রাখা হয়।
পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় লোকজন মনির মীরকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে, একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিভিন্ন এলাকার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ছে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিল্টন বলেন, দেড় মাস আগে নতুনগ্রাম এলাকায় একটি ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই এলাকার ২৫টি পরিবার প্রায় এক সপ্তাহ বিদ্যুৎহীন ছিল।
গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া বলেন, গত দুই মাসে ওই এলাকায় চার থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গলাচিপা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।