সোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী, অল্পের জন্য রক্ষা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী, অল্পের জন্য রক্ষা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়ার অভিযোগ করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। কুমিল্লায় একটি ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনার মুখোমুখি হন তিনি। মহাসড়কে ইট-পাথর ফেলে গাড়ির গতিরোধের চেষ্টা করা হলে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে দাবি করেছেন এই ইসলামি বক্তা।

রোববার (২৫ অক্টোবর) রাতে বস্তল থেকে গাউসিয়াগামী এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রফিকুল ইসলাম মাদানী। পরে নিজের ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।

রফিকুল ইসলাম মাদানীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষ করে তিনি ঢাকায় ফিরছিলেন। পথে পাকুন্ডা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় মহাসড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে রাখা হয়েছিল বলে জানান তিনি। এতে সড়কটিতে চলাচলকারী যানবাহন ডাকাতির ঝুঁকিতে পড়ে বলে আশঙ্কা তৈরি হয়।

তিনি জানান, পরিস্থিতি আঁচ করতে পেরে গাড়ির চালক দ্রুত সিদ্ধান্ত নেন। তাৎক্ষণিকভাবে গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান তিনি। চালকের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপের কারণে তারা ডাকাত দলের কবল থেকে রক্ষা পান বলে দাবি করেন রফিকুল ইসলাম মাদানী।

তার অভিযোগ, ডাকাত দলটি আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফলে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী দেশে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। মহান আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এই ইসলামি বক্তা।

এদিকে, ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পর পুলিশ মাত্র দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের কাছাকাছি উপস্থিতি না থাকলে এত অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশের দ্রুত উপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কথা তুলে ধরেন।