সারাদেশ

গোপালগঞ্জে দুর্গাপূজার ডেকোরেশনের কাজ করতে গিয়ে মদপান করে ২ যুবকের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম

গোপালগঞ্জে দুর্গাপূজার ডেকোরেশনের কাজ করতে গিয়ে মদপান করে ২ যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজার ডেকোরেশনের কাজ করতে গিয়ে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৫) ও মনোতোষ হালদার (৩৮)। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত শনি ও রবিবার এ ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণকান্ত বাড়ৈ কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে। অপর নিহত মনোতোষ হালদার একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীর রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মদপান করেন। এরপর রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরবর্তী সময়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়। গত শনিবার (২৪ অক্টোবর) মনোতোষ হালদার ঢাকার পপুলার হাসপাতালে মারা যান। আর রবিবার (২৫ অক্টোবর) কৃষ্ণকান্ত বাড়ৈ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তারা যে তরল পদার্থ পান করেছিলেন, সেটি বিষাক্ত মদ ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নিহত কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তার ভাইসহ তিনজন ডেকোরেশনের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে তারা মদপান করেন। এর কয়েক ঘণ্টা পর কৃষ্ণকান্ত অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

অপরদিকে, নিহত মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, তার ভাই দুর্গাপূজার ডেকোরেশনের কাজ করতে গিয়ে পানিজাতীয় কিছু পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় সমবয়সী চার থেকে পাঁচজন তরুণ তরলজাতীয় কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। তবে ওই ব্যক্তির সন্ধান এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনা সম্পর্কে থানায় কেউ কোনো তথ্য জানাননি। পুলিশও বিষয়টি সম্পর্কে অবগত নয়। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।