রাজনীতি

মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

এর আগে গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরবর্তী সময়ে আসনটিতে উপনির্বাচনের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি এলিজা জামানকে দলীয় মনোনয়ন দিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)। আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করার সুযোগ থাকবে। পরদিন ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সংরক্ষিত নারী আসনটির উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

তবে নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে যদি একজন বৈধ প্রার্থী অবশিষ্ট থাকেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো বৈধ প্রার্থী থাকছেন কি না, তার ওপর আসনটিতে ভোট গ্রহণের প্রয়োজনীয়তা নির্ভর করবে।