সারাদেশ
বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে টার্ফের পাশের সড়ক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি একপর্যায়ে মহাসড়কে উঠে পড়ে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, অভিযানের সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার আটজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম চলছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।